১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের আশ্বাস ডিএনসিসি প্রশাসকের!

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকায় কোরবানির পশুর বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেন, নির্ধারিত সময়ের আগেই পুরো শহরকে পরিচ্ছন্ন রাখতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) এসটিএস থেকে আমিনবাজার স্যানিটারি ল্যান্ডফিলে কোরবানির পশুর বর্জ্য স্থানান্তর কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
মো. শফিকুল ইসলাম খান বলেন, ঈদের দিন দুপুর ২টা থেকে রাত ২টার মধ্যে—অর্থাৎ ১২ ঘণ্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ সম্পন্ন করা হবে। একই নিয়ম ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিনেও কার্যকর থাকবে।
তিনি আরও জানান, পুরো বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম মনিটরিং সেলের মাধ্যমে কঠোরভাবে তদারকি করা হবে, যাতে কোনো ধরনের বিলম্ব না হয় এবং নগরবাসী দ্রুত পরিচ্ছন্ন পরিবেশ পায়।
এর আগে মঙ্গলবার (২৬ মে) ডিএনসিসি নগরভবনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায়ও তিনি একই প্রতিশ্রুতি দেন। সেখানে তিনি বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী নির্ধারিত ১২ ঘণ্টার আগেই রাজধানীর উত্তর অংশে কোরবানির বর্জ্য অপসারণ শেষ করার লক্ষ্য রয়েছে।
ডিএনসিসি প্রশাসক আরও বলেন, নগরীকে দুর্গন্ধমুক্ত ও স্বাস্থ্যসম্মত রাখতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং মাঠপর্যায়ে বিপুল সংখ্যক পরিচ্ছন্নতাকর্মী কাজ করছে।



