১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু, যাচ্ছেন ৭৮ হাজার ৫০০ জন

চলতি ২০২৬ সালের (১৪৪৭ হিজরি) হজ মৌসুমকে সামনে রেখে আগামী ১৮ এপ্রিল থেকে বাংলাদেশ থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট শুরু হতে যাচ্ছে। ওইদিন রাত সাড়ে ১২টায় ৪১৯ জন হজযাত্রী নিয়ে প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। এ বছর মোট ৭৮ হাজার ৫০০ জন বাংলাদেশি পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন।
হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে বিশেষ আয়োজনের প্রস্তুতি চলছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান এই হজ কার্যক্রমের উদ্বোধন করবেন।
হজ ব্যবস্থাপনা নিয়ে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। হজযাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে ক্যাম্পে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সার্বিক ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
এবারের হজে একটি উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে বিমান টিকিটের খরচে। গত বছরের তুলনায় এবার টিকিটের মূল্য ১২ হাজার টাকা কমানো হয়েছে, যা হজযাত্রীদের জন্য স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে। সরকারের উদ্যোগে এই মূল্য সমন্বয় সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
অন্যদিকে, হজযাত্রীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১৭১ সদস্যের একটি মেডিকেল টিম ইতোমধ্যে সৌদি আরবে পৌঁছে গেছে। এই টিম মক্কা ও মদিনায় অবস্থান করে বাংলাদেশি হাজিদের চিকিৎসা ও জরুরি স্বাস্থ্যসেবা প্রদান করবে।
এবার হজ ব্যবস্থাপনায় উন্নত সেবা, কম খরচ ও সুসংগঠিত প্রস্তুতির মাধ্যমে যাত্রা আরও নির্বিঘ্ন করার প্রত্যাশা করা হচ্ছে।



